আশুলিয়া সাব-রেজিস্ট্রারের অপসারণের দাবিতে দলীল লেখকদের মানববন্ধন

প্রকাশিত: 3:39 PM , June 19, 2025

ঘুষ, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে আশুলিয়ার সাব-রেজিস্ট্রার খায়রুল বাশার ভূইয়া পাভেল এর অপসারণ ও প্রত্যাহারের দাবিতে টানা তৃতীয় দিনের মতো মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করছেন আশুলিয়া দলিল লেখক কল্যাণ সমিতির সদস্যরা।

বুধবার দুপুরে আশুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের সামনেই শতাধিক দলিল লেখক ও স্থানীয় বাসিন্দা শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও অবস্থান ধর্মঘটে অংশ নেন। তারা ‘ঘুষখোর রেজিস্ট্রার হঠাও’, ‘জনসেবা নিশ্চিত করো’, ‘দুর্নীতির বিচার চাই’ ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করে ক্ষোভ প্রকাশ করেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাব-রেজিস্ট্রার খায়রুল বাশার পাভেল দায়িত্ব গ্রহণের পর থেকেই নিয়ম বহির্ভূত ঘুষ আদায়, দলিল রেজিস্ট্রেশনে অনিয়ম ও হয়রানিমূলক আচরণ করে আসছেন। এতে অফিসে কাজকর্ম ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ জনগণ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।

আশুলিয়া দলিল লেখক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন বলেন, “আমরা কোনো দুর্নীতিবাজ কর্মকর্তাকে আশুলিয়ায় দেখতে চাই না। খায়রুল বাশার পাভেলকে দ্রুত অপসারণ করতে হবে, নইলে আমাদের আন্দোলন আরও কঠোর হবে।”

এব্যাপারে আশুলিয়ার সাব-রেজিস্ট্রার তার বিরুদ্ধে চলমান কর্মসূচির বিষয়ে জানান যে এসব অভিযোগের বিষয়ে তার কিছু জানা নেই।

Loading