রামগড় সরকারি কলেজে তীব্র প্রতিবাদের মুখে বহিস্কার ও অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ , এপ্রিল ৩০, ২০২৫ খাগড়াছড়ির রামগড় সরকারি কলেজে একাদশ শ্রেণির দ্বিতীয় সাময়িক পরীক্ষায় পরীক্ষা শেষ হওয়ার আগেই খাতা জমা দেওয়াকে কেন্দ্র করে ২৯ শিক্ষার্থীকে বহিষ্কার এবং দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় কলেজ জুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিবাদ ও ৩০,এপ্রিল বুধবার এক শিক্ষকের অনশনের মুখে কলেজ কর্তৃপক্ষ অবশেষে সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়।গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত একাদশ শ্রেণির পরীক্ষায় নির্দিষ্ট সময়ের আগে খাতা জমা দেওয়ার অভিযোগ ওঠে। এর জেরে বহিষ্কার করা হয় ২৯ শিক্ষার্থীকে এবং দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় গণিত বিভাগের মো. কামরুল হাসান ও দর্শন বিভাগের নাজমুস সাকিবকে। তবে সংশ্লিষ্ট শিক্ষকরা জানান, খাতা জমা দেওয়ার নির্ধারিত সময় সম্পর্কে কোনো লিখিত নির্দেশনা ছিল না। ঘটনার প্রতিবাদে দর্শন বিভাগের প্রভাষক নাজমুস সাকিব ৩০ এপ্রিল সকাল থেকে অনশন শুরু করেন। তিনি বলেন, “আমার অনশনের উদ্দেশ্য ছিল অন্যায়ের প্রতিবাদ এবং শিক্ষার্থীদের ন্যায্যতা প্রতিষ্ঠা।” বিষয়টি নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হলে কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত পুনর্বিবেচনায় বাধ্য হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মংসাজাই মারমা বলেন, “কলেজের সুনাম ও শিক্ষার পরিবেশ রক্ষায় আমরা সিদ্ধান্তগুলো প্রত্যাহার করে নিয়েছি। শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখাই আমাদের অগ্রাধিকার।” পরবর্তীতে বহিষ্কারাদেশ এবং অব্যাহতির সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়। এতে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং অনশন কর্মসূচিও স্থগিত করা হয়। শেয়ার খাগড়াছড়িবিষয়: