রামগড়ে ৫শ পিচ ইয়াবাসহ অন্যতম মাদক ব্যবসায়ী আটক

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ , নভেম্বর ৪, ২০২৪

খাগড়াছড়ির রামগড়ে ৫০০ পিচ ইয়াবাসহ মো. শাহাবুদ্দিন (৪২) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। গ্রেফতার শাহাবুদ্দিন রামগড় পৌরসভার ৫ নং ওয়ার্ডেরর পূর্ব চৌধুরিপাড়ার বৈদ্যটিলার মো.শাহজাহান মিয়ার ছেলে।

রবিবার (৩ নভেম্বর) রাতে রামগড় পৌরসভার ডেবার পাড়স্থ লেক পার্কের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার এসআই(নিঃ) মহসিন মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয় এবং মাদকবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
পুলিশ জানায়, আটক সাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। রামগড় পৌরসভার পূর্ব চৌধুরিপাড়ার বৈদ্যটিলা এলাকার মাদক কারবারি গ্যাংয়ের অন্যতম সদস্য সে। পুলিশ ঐ গ্যাংয়ের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। স্থানীয় বাসিন্দারাও তাদের কর্মকান্ডে অতিষ্ঠ।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন জানান, মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে রবিবার পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদ পেয়ে ডেবারপাড় লেকপার্ক এলাকায় ওঁৎ পেতে থাকে। সীমান্ত এলাকা থেকে ইয়াবার চালান নিয়ে আসার সময় ধৃত সাহাবুদ্দিনের মোটরসাইকেল আটকিয়ে তার দেহ তল্লাসী করে ৫শ পিচ ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী সাহাবুদ্দিনের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ “র ৩৬(১) ধারার ১০(ক)/৩৮ সরণিতে মামলা রুজু করা হয়। আসামীকে সোমবার খাগড়াছড়ি বিজ্ঞ আদালতে সোপর্দ করার পর আদালতে তাকে জেলা কারাগারে পাঠিয়ে দেন।
ওসি বলেন, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Loading