কোটা সংস্কার আন্দোলন: জবি শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ , জুলাই ১২, ২০২৪

কোটা সংস্কার আন্দোলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শুক্রবার বিকেলে ক্যাম্পাসের সামনে এ বিক্ষোভ সমাবেশ করা হয়।

এদিন বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা মিছিল বের করেন। এরপর শিক্ষার্থীরা ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। এ সময় আন্দোলনকারীরা শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ‘কুমিল্লায় হামলা কেনো? প্রশাসন বিচার চাই’, ‘চট্টগ্রামে হামলা কেনো, প্রশাসন বিচার চাই’, ‘জবির গেটে তালা কেনো, প্রশাসন জবাব চাই, স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, গতকাল শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে কুমিল্লা, চট্টগ্রাম ও ঢাকায় আমাদের ভাইদের ওপর নগ্ন হামলা হয়েছে। এভাবে হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না। গেটে তালা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

শিক্ষার্থী ইভান তাহসিব বলেন, শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়েছে। আমরা ঢাকা ও ঢাকার বাইরে ব্লকেড করেছি। কোটার যৌক্তিক সংস্কার আমাদের লাগবে। এজন্য আমরা আন্দোলন শুরু করেছি। কোটা বাতিলের সিদ্ধান্ত আমরা মেনে নেব না। কোটার যৌক্তিক সংস্কার চাই। শিক্ষার্থীদের যৌক্তিক দাবির আন্দোলনে হামলার বিচার চাই।

Loading