ঢাকায় বিএনপির পদযাত্রা দুপুরে

প্রকাশিত: 9:24 AM , February 17, 2023

১০ দফা দাবি আদায়ে ঢাকায় আজ পৃথক পদযাত্রা কর্মসূচি করবে বিএনপি।শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি একই সময়ে এই কর্মসূচি শুরু করবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে মতিঝিল গোপিবাগ থেকে পদযাত্রা শুরু হবে। শেষ হবে নয়াবাজারে গিয়ে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দক্ষিণের পদযাত্রায় অংশ নেবেন বিএনপি নেতা মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, আবদুস সালাম, রফিকুল আলম মজনু।

অন্যদিকে উত্তরা জসিম উদ্দিন মোড় থেকে শুরু হবে ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রা। শেষ হবে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডে গিয়ে।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তরের পদযাত্রায় আরও অংশ নেবেন বিএনপি নেতা ড. আব্দুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, আমান উল্লাহ আমান, আমিনুল হকসহ অন্যান্য নেতারা।

এ ছাড়া শনিবার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা ও ফরিদপুর মহানগরে পদযাত্রা করবে বিএনপি।

Loading