শেখ রাসেলের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রকাশিত: 11:18 AM , October 18, 2023

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৬০তম জন্মদিনে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা।

বুধবার সকাল সাতটা ১০ মিনিটে রাজধানীর বনানী কবরস্থানে শেখ রাসেলসহ ১৫ আগস্ট নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময়ে সমাধিসৌধের সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী।

এরপর সকাল সাড়ে ৮টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ঢাকা মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বনানীতে শেখ রাসেলের কবরে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ১৫ আগস্টে নিহত শহীদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন শেখ রাসেল।

১৯৭৫ সালের ১৫ আগস্ট পরিবারের অন্য সদস্যদের মতো শিশু রাসেলও রক্ষা পাননি ঘাতকদের নির্মম বুলেট থেকে। বঙ্গবন্ধুর সঙ্গে ঘাতকরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।

Loading