নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে চারজন দগ্ধসহ আহত ৬ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 3:42 PM , August 13, 2023 নারায়ণগঞ্জের ফতুল্লার হোসাইনি নগর এলাকার ছয়তলা ভবনের পাঁচ তলার একটি ফ্লাটে গ্যাস বিস্ফোরণের আগুনে চারজন দগ্ধসহ আহত হয়েছেন অনন্ত ছয়জন৷শনিবার (১২ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে আসলাম সিকদারের মালিকানাধীন লক্ষ্মী নিবাসে এ ঘটনা ঘটে।দগ্ধরা হলেন ওই এলাকার হোসিয়ারি কারখানার মালিক সবুজ খন্দকার, পোশাক কারখানার শ্রমিক রানা মিয়া, তার স্ত্রী বিথি আক্তার, তাদের এক কন্যা শিশু। এছাড়া স্থানীয় ফল ব্যবসায়ী আবু কালাম ও জাকির হোসেন নামে দুইজন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও দগ্ধের স্বজনরা জানান, রাত ১২টার দিকে লক্ষ্মী নিবাসের পাঁচতলার একটি ফ্ল্যাটে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এসময় ওই ফ্ল্যাটের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।দগ্ধ ও আহতদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক দগ্ধ চারজনকে রাজধানীর শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়ে দেন। আবু কালাম নামে একজনকে নেয়া হয় ঢাকার পঙ্গু হাসপাতালে৷এছাড়া জাকির নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা যাওয়া আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। বিস্ফোরণে পাঁচতলা ফ্ল্যাটের দেয়াল ভেঙে নিচে পড়ে পাশের একটি আধাপাকা ঘরের চালাসহ আসবাপত্র ভেঙে গেছে। পাশাপাশি ওই ফ্ল্যাটের দরজা ও জানালাসহ ঘরের আসবাপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।ধারণা করা হচ্ছে, সিলিন্ডার গ্যাস থেকে এ বিস্ফোরণ ঘটেছে। তদন্তের পর ঘটনার কারণসহ ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানান তিনি। শেয়ার সারা দেশবিষয়: