আন্দোলন দেখে ভয় পাবেন না নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ , জুলাই ৩১, ২০২৩ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলন দেখে ভয় পাবেন না। অনেকে এখন আন্দোলন, জ্বালাও পোড়াও করবে। আন্দোলন যে কেউ করতে পারে, কিন্তু জ্বালাও পোড়াও করতে দিব না। মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না।সোমবার (৩১ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২৩’ প্রদান অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী প্রশাসনের দুটি প্রতিষ্ঠান ও ২৮ কর্মকর্তার হাতে পদক তুলে দেন।তিনি বলেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা আমাদের সমর্থন করেনি, তাদের মনের বৈরিতা এখনও কেটে যায়নি। কিন্তু সেটা অতিক্রম করেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি এবং বাংলাদেশ এগিয়ে যাবে। সেজন্য এই মুখ গোমড়া করে থাকা আমি দেখতে চাই না, সবাইকে হাসিখুশি দেখতে চাই। যেকোনও সমস্যা আসবে, সেটা মোকাবিলা করার মতো মনোবল দরকার হয়, শক্তি দরকার হয়। সেই শক্তি নিয়ে চললে বাংলাদেশ এগিয়ে যাবে, এটাই আমি বিশ্বাস করি।’শেখ হাসিনা বলেন, ‘সবার ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। স্বাস্থ্যসেবা সবার দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। তৃণমূল পর্যায় পর্যন্ত আমাদের কাজের ছাপ রাখছি। আগে যে হাহাকার ছিল, এখন কিন্তু সেটি নেই। দ্রব্যমূল্যের দাম নিয়েও ঢাকায় যতটা হাহাকার, গ্রামেগঞ্জে কিন্তু সেটি নেই। ২০৪১ সালের বাংলাদেশ হবে ক্ষুধা দারিদ্রমুক্ত সোনার বাংলা। আমরা পরিকল্পনা করে দিয়েছি, এখন ধাপে ধাপে বাস্তবায়নের পালা।’তিনি বলেন, ‘অর্থনৈতিকভাবে প্রচণ্ড চাপ আমাদের না শুধু, সারা বিশ্বব্যাপী। উন্নত দেশগুলোও হিমশিম খাচ্ছে। কিন্তু আমরা করোনা মোকাবিলা করে বিশ্বে দৃষ্টান্ত উপস্থাপন করেছি। অর্থনৈতিক চাপ আছে, কিন্তু অর্থনৈতিক গতিশীলতা ধরে রেখেছি। এর পেছনে যারা কাজ করেছে, সবাইকে ধন্যবাদ জানাই।’প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। সেটাই করে যাচ্ছি। সব ধরনের সেবা কীভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, সে ব্যবস্থা করছি। কেউ ভালো কাজ করলে পুরস্কার দেওয়া, বিদেশ থেকে কর্মকর্তাদের ট্রেনিং করিয়ে নিয়ে আসা, এগুলো জাতির পিতা শুরু করেছেন। আমরা সেটা অব্যাহত রেখেছি।’তিনি আরও বলেন, আমাদের করা কমিউনিটি ক্লিনিক বিএনপি বন্ধ করে দিয়েছিল। কারণ মানুষ এখান থেকে সেবা নিয়ে নাকি আমাকে ভোট দেবে। মানুষের কথা তারা চিন্তা করেনি। তাদের চিন্তা ছিল ভোটের। এটার ফলও পেয়েছে। ২০০৮ এর নির্বাচনে মাত্র ২৯টা সিট পেয়েছে তারা। আমরা সরকার গঠন করি।’ শেয়ার জাতীয়বিষয়: