‘সেনা-নৌ-বিমানবাহিনী আধুনিকায়নে কাজ করছে সরকার’

প্রকাশিত: 1:06 PM , February 16, 2023

বহিঃশত্রুর আক্রমণ মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সেনা-নৌ-বিমানবাহিনী আধুনিকায়নে কাজ শুরু করে। যা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, “আমরা কারও সঙ্গে যুদ্ধ করতে চাই না। জাতির পিতার পররাষ্ট্রনীতি সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়; আমরা সেই নীতিতে বিশ্বাস করি।”

আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার পর চট্টগ্রাম সেনানিবাসে ইস্টবেঙ্গল রেজিমেন্টের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, “সবাইকে সাশ্রয়ী হতে হবে। যার যতোটা জমি আছে, তাতে ফসল উৎপাদন করতে হবে। নিজেদের শক্তিতে আমরা বর্তমান মন্দা পরিস্থিতি মোকাবেলা করবো।”

তিনি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ঐতিহ্য রয়েছে। দেশের প্রতিটি প্রয়োজনে সেনাবাহিনীর গৌরবজনক অবদান রয়েছে। আমরা সম্মিলিতভাবে করোনা অতিমারী মোকাবেলা করেছি।”

প্রধানমন্ত্রী বলেন, “রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্ব মন্দার কবলে পড়েছে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। এই পরিস্থিতি মোকাবেলা করে সরকার এগিয়ে যাচ্ছে।”

এর আগে প্রধানমন্ত্রী প্যারেডের অভিবাদন গ্রহণ করেন।

এর আগে বুধবার সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। সেনাপ্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৩ এবং ১০ম টাইগার্স পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে উদ্বোধনী বক্তব্য রাখেন।

তিনি এই রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ঐতিহ্য, দেশমাতৃকার সেবায় রেজিমেন্টের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে গৌরবময় অতীতের ন্যায় সদা প্রস্তুত থাকতে সকল সদস্যের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান।

Loading