চালের দাম আরও কমবে নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 3:36 PM , September 8, 2022 সরকারিভাবে খোলাবাজারে বিক্রি (ওএমএস) ও খাদ্যবান্ধব কর্মসূচি চালু হওয়ায় এরইমধ্যে বাজারে চালের দাম ৫-৬ টাকা কমেছে। চালের দাম আরও কমবে বলেও জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।বৃহস্পতিবার সকালে নওগাঁয় ওএমএস কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা বলেন খাদ্যমন্ত্রী।খাদ্যমন্ত্রী বলেন, “আমন ধানেও কৃষকরা যেন নায্যমূল্য পায় সেটা নিয়েও কাজ করা হচ্ছে। নায্যমূল্য নিশ্চিত করতে আমরা প্রস্তুত আছি। পহেলা সেপ্টেম্বর থেকে সারাদেশে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে দেশের ৫০ লাখ হতদরিদ্র জনগোষ্ঠীকে ১৫ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি চাল দেওয়া হচ্ছে। এছাড়া ওএমএস সপ্তাহে ৫ দিন চলছে। সারাদেশে ২ হাজার ৩৭০ জন ডিলারের মাধ্যমে ওএমএস বিতরণ করা হচ্ছে।”মন্ত্রী বলেন, আগে একজন ওএমএসের ডিলার এক টন চালের বরাদ্দ পেতেন। এবার প্রত্যেক ডিলার দুই মেট্রিক টন চাল বরাদ্দ পাচ্ছেন। ওএমএস কেন্দ্রে টিসিবি কার্ডধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া সমাজের পিছিয়ে পড়া এবং তৃতীয় লিঙ্গের মানুষেরা অগ্রাধিকার পাবেন। শেয়ার অর্থ ও বানিজ্যবিষয়: