ভারত সফর বাতিল করলেন পররাষ্ট্রমন্ত্রী নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ , সেপ্টেম্বর ৫, ২০২২ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লির উদ্দেশে সোমবার সকালে (৫ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সফরসঙ্গীরা ঢাকা ছাড়েন। তবে অসুস্থতার কারণে ভারত সফর বাতিল করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।সোমবার (৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেন।সূত্র জানায়, ড. এ কে আবদুল মোমেন শারীরিক অসুস্থতার কারণে ভারত সফরে যাননি।গতকাল রোববার (৪ সেপ্টেম্বর) ভারত সফরের বিস্তারিত তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও করেন আবদুল মোমেন। এর আগে, মন্ত্রিসভা বৈঠকেও অংশ নেন তিনি। এছাড়া রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্বাভাবিক কার্যক্রমও পরিচালনা করেন মন্ত্রী।সাম্প্রতিক সময়ে ভারত সরকারকে নিয়ে মন্তব্য করায় নিজ দল এবং দেশজুড়ে সমালোচনার শিকার হন পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন। যদিও সেই বক্তব্য নিয়ে বেশ কয়েকবারই গণমাধ্যমের সামনে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেন তিনি।পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।এরআগে সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নয়াদিল্লির উদ্দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর এ সফরে ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদনদীর পানিবণ্টন ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতা আলোচ্য সূচির শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সফরকালে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং উপরাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করবেন। করোনাভাইরাস মহামারি প্রাদুর্ভাবের আগে ২০১৯ সালে তার সবশেষ সফরের পর ৫ থেকে ৮ সেপ্টেম্বর তার আসন্ন ভারত সফরের সময় বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। শেয়ার জাতীয়বিষয়: