সুরক্ষার জন্য গণমাধ্যম আইনের পরিবর্তন ও পরিমার্জন করা হচ্ছে নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 10:31 PM , April 29, 2022 তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাংবাদিকদের সুরক্ষার জন্য গণমাধ্যম আইনের পরিবর্তন ও পরিমার্জন করা হচ্ছে। মন্ত্রী আরও বলেছেন, সংবাদপত্রের যারা অস্টম ওয়েস্টবোর্ড কার্যকর করবে না তারা সরকারী কোন ক্রড়পত্র পাবে না। কেননা সরকারী সাহায্য সহযোগিতা নিবে কিন্তু সংবাদকর্মীর কথা ভাববে না তা হবে না।শুক্রবার (২৯ এপ্রিল) বিকালে খুলনা প্রেসক্লাবের শহীদ আবু নাসের ব্যাংককুয়েট হলে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) আয়োজিত সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অস্বচ্ছল সাংবাদিকদের চিকিৎসা ও করোনা প্রণোদনার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।মন্ত্রী আরও বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও করোনাকালীন সহায়তা কোন দলীয় বা নির্দিষ্ট মতের সাংবাদিকদের জন্য নয়, এটি সকল সাংবাদিকদের জন্য অবারিত। তাই যারা জাতীয় প্রেসক্লাবের সামনে সরকারের পতন চান, তারাও এ সহায়তা পেয়েছেন। ২০১৪ সালে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠনের পর এ পর্যন্ত ২২ কোটি টাকা বিতরণ করা হয়েছে। জিয়াউর রহমান, খালেদা জিয়া ও এরশাদ কখনো সাংবাদিকদের কল্যাণে কিছু করেননি। উল্টো বিএনপি আইন পরিবর্তন করে সাংবাদিকদের শ্রমিক বানিয়েছে।তথ্য ও সম্প্রচার মন্ত্রী সাংবাদিকদের সঠিক তথ্য ও উপাত্ত উপস্থাপন করে দেশের সাফল্য তুলের ধরার আহ্বান জানিয়ে বলেন, মোটিভেটেড লেখা সমাজে ভুল বার্তা পায়। করোনাকালীন সারা বিশ্বে হাহাকার থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন কেউ গৃহহীন থাকবে না বলে মুজিববর্ষে ঘোষণা দিয়েছিলেন। যা বাস্তবায়ন হচ্ছে। টিকা নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর, ডাঃ জাফরুল্লাহসহ অনেক বিশেষজ্ঞ সমলোচনা করেছিলেন। তারাই আবার কেউ দিনে কেউ রাতে টিকা নিয়েছেন। দ্রব্যমূল্য, তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, সারা বিশ্বের দ্রব্যমূল্য বেড়েছে। আমেরিকায় এক ডলারের তেল চার ডলারে পৌঁছেছে। ইউকে, যুক্তরাজ্যে খাদ্যপণ্যের মূল্য ২৫ শতাংশ বেড়েছে, বেলজিয়ামে ভোজ্যতেল পাওয়া যাচ্ছে না। সেখানে আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করছি।কেইউজে’র সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব দ্বীপ আজাদ, জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার, খুলনা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কেইউজে’র সাধারণ সম্পাদক আছাদুজ্জামান রিয়াজ।পরে মন্ত্রী সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন। অনুষ্ঠানে কল্যাণ ট্রাস্ট থেকে ৩২ জন ও করোনা সহায়তার ৮৬টি চেক বিতরণ করা হয়। শেয়ার সারা দেশবিষয়: