বীর শহীদদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে মানুষের ঢল

প্রকাশিত: 10:05 PM , March 26, 2022

মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে বাঙালি জাতি। সর্বস্তরের জনতা ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধ।

শনিবার (২৬ মার্চ) সকাল থেকেই একের পর এক রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিকরা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন। সকালে সাধারণ মানুষের ভিড় একটু কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমুদ্রে পরিণত হয় পুরো সৌধ।

করোনাভাইরাস মহামারীর কবলে দুই বছর স্বাধীনতা দিবস সেভাবে পালন করতে পারেনি বাংলাদেশ। মহামারী পরিস্থিতির উন্নতিতে এবার ফেরে আগের দৃশ্যপট।

ভোরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিন বাহিনীর প্রধান ও বিভিন্ন দেশের কূটনৈতিকদের শ্রদ্ধা নিবেদনের পর সবার জন্য স্মৃতিসৌধে দ্বার খুলে দেওয়া হয়।

আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, কমিউনিস্ট পার্টি, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে ফুল দেওয়া হয় স্মৃতিসৌধে।

স্মৃতিসৌধে শনিবার দিনভর বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আবৃত্তি, দেশের গান, বাউল গান ও চিত্রকর্মী প্রদর্শনী, অ্যাক্রিবেটিকসহ নানা আয়োজন থাকছে।

Loading