ফেরত পাঠানো হলো সেই তরুণীকে নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ১৮, ২০২২ প্রেমের টানে অবৈধ পথে আসা ভারতীয় তরুণী খুসনামাকে এক দিন পর ভারতে ফেরত পাঠিয়েছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে বর্ডার গার্ড বাংলাদেশের (১৮-বিজিবি) সহায়তায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (২৭৬) বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে তরুণীর বাবা-মায়ের উপস্থিতিতে তাকে ভারতে ফেরত পাঠানো হয়।তেঁতুলিয়া উপজেলার পুরাতন বাজারের তেলীপাড়া নামক স্থানে ভারত- বাংলাদেশ সীমান্তের জিরো লাইনের পিলার নম্বর ৪৪২-এর ৭এস ও ৪৪৩ মেইন পিলার বরাবর পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে তুলে দেওয়া হয়।এ সময় ভারতীয় বিএসএফের ২৭৬ ব্যাটালিয়নের সহকারী কমান্ডার কামাল সিং, পরিদর্শক উপেন্দ্র সিং, প্রমোদ কুমারসহ ভারতীয় গোয়াল পুকুর থানার কনেস্টবল দিলিপ কুমার সরকার, বিজিবি তেঁতুলিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. আব্দুল মোতালেব, তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) তপন কুমারসহ বিজিবি, বিএসএফ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।প্রেমের টানে ভারত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের পঞ্চগড়ে আসা খুসনামা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার হরিয়ানা গ্রামের ইসরাইল হোসেনের মেয়ে।বিষয়টি নিশ্চিত করে তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সায়েম জানান, অবৈধভাবে আসা খুসনামাকে বিজিবির সহযোগিতায় বিএসএফের সঙ্গে যোগাযোগ করে তার বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়। পরে তারা আজ দুপুর ১টার দিকে ভারতের উদ্দেশে রওনা হন।এর আগে গত বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ভারতীয় সীমান্তের কাঁটাতার অতিক্রম করে তেঁতুলিয়ায় এক বাড়িতে অবস্থান নিলে গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আটক করে বিজিবিকে খবর দেয়। খবর পেয়ে বিজিবি বিকেলে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে ওই তরুণীর পরিচয় জানালে শুক্রবার তাকে তার ভারতে ফেরত পাঠানো হয়। শেয়ার সারা দেশবিষয়: