দিনাজপুরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২, ২০২২

দিনাজপুর ॥ দিনাজপুরের বিরামপুরে ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের তিনযাত্রী নিহত হয়েছেন। এসময় প্রাইভেট কারে থাকা আরও ৪ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

আজ বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিক নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সকাল সাড়ে ৭টায় একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো ক-১১-২৩৩২) ৭ জন ব্যক্তি জেলার হিলির উদ্দেশ্যে যাচ্ছিলেন।

ঘন কুয়াশার ফলে কিছু দেখতে না পেয়ে কারের চালক রেলক্রসিংয়ের উপর গাড়ি তুলে দেন। এ সময় ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিন নিহত হন। গুরুতর আহত আরও ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গেটকিপার সাইফুজ্জামান জানান, রেললাইনের গেটটির কাজ চলছিল। তাই ট্রেনে আসার সময় রশি দিয়ে গেট বন্ধ করা হয়েছিল। কিন্তু প্রাইভেট কার চালক সেটি না দেখে সাইট দিয়ে রেললাইনের উপর প্রাইভেট কার উঠিয়ে দেন।

Loading