ডিজেলসহ নিত্যপণ্যের দামবৃদ্ধি ‘পুরোটাই যৌক্তিক

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ , নভেম্বর ১০, ২০২১

ডিজেল-কেরোসিন, গণপরিবহনের ভাড়া ও নিত্যপণ্যের দামবৃদ্ধির বিষয়টি পুরোটাই যৌক্তিক বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (১০ নভেম্বর) দুপুরে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

করোনায় বিপুল সংখ্যক মানুষ যখন কর্ম হারিয়ে দারিদ্রসীমার নিচে চলে গেছে, এমন পরিস্থিতিতে নতুন করে দামবৃদ্ধি করে জনগণের ওপর চাপ সৃষ্টি করা কতটা যৌক্তিক- সাংবাদিকদের এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, পুরোটাই যৌক্তিক। সরকার কোত্থেকে টাকা পাবে? রেভিনিউ অর্জন করেই সরকারকে কাজ করতে হচ্ছে। তারপরও সরকার যতটুকু সম্ভব এটা সামঞ্জস্য করে দেয়।

জ্বালানির মূল্য ১০ শতাংশ ভাড়া বাড়ার কথা থাকলেও ২৭ শতাংশ বাড়ানোর বিষয়ে সিপিডির বক্তব্য প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এটা আমাকে দেখতে হবে। আমি দেখে জবাব দেবো।

বাসভাড়া বৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, আগে আমাকে জানতে হবে মূল্যবৃদ্ধির কারণ। আমি যদি দেখি কোনো ভিত্তি ছাড়া দাম বাড়ানো হয়েছে, সেটা বিবেচনা করার অবশ্যই সুযোগ রয়েছে।

তিনি বলেন, জ্বালানি তেলের দাম যখন আন্তর্জাতিক বাজারে কম ছিলে সেই সুবিধা কি আমরা সবাই পাইনি? সবাই সুবিধা পেয়েছে। এখন দাম বেড়েছে, কী পরিমাণ বেড়েছে নেটে গেলে পাবেন। আমরা তেল উৎপাদন করি না, আমরা ভোক্তা। আমরা রিসিভিং করি, আমাদের এখানে হাত দেওয়াও সম্ভব নয়।

তিনি আরও বলেন, অর্থমন্ত্রী হিসেবেও আমার দায়িত্ব আছে। আমাকে রেভিনিউ জোগান দিতে হয়। রেভিনিউ জোগান দিতে না পারলে প্রকল্প বাস্তবায়ন হবে না। আমরা পিছিয়ে যাবো, আমরা পিছিয়ে যেতে চাই না।

Loading