এবার বেশি দামে ধান ও চাল কিনবে সরকার

প্রকাশিত: 5:42 PM , October 31, 2021

এ বছর সরকারিভাবে আমন ধান, চাল ও গম সংগ্রহের মূল্য নির্ধারণ করা হয়েছে। চলতি অর্থবছরে ২৭ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান ও ৪০ টাকা কেজি দরে ৫ লাখ টন চাল সংগ্রহ করবে সরকার। গত বছর আমন ধান ও চালের দাম ছিল যথাক্রমে কেজিপ্রতি ২৬ ও ৩৬ টাকা।

রোববার (৩১ অক্টোবর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির এক ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ৭ নভেম্বর থেকে ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হবে। এছাড়া আগামী বছরের ১ এপ্রিল থেকে প্রতি কেজি ২৮ টাকা ধরে দেড় লাখ টন গম সংগ্রহ করা হবে।

সভায় সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান প্রমুখ।

Loading