ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে জনবল সঙ্কট

প্রকাশিত: 2:07 PM , June 27, 2021


ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে বেড়েছে রোগীর চাপ। এদিকে, এত পরিমান রোগী সামলানোর মত পর্যাপ্ত জনবল নেই ওই ইউনিটে। ফলে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। হাসপাতালটির করোনা ইউনিটে আইসিইউ বেডে সংখ্যা ১৩ টি। বর্তমানে সেগুলোর একটিও খালি নেই। আর ১৯৭ টি সাধারণ বেডের মধ্যে খালি আছে মাত্র ১৫ টি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, হাসপাতালে এখন অক্সিজেন সংকট না থাকলেও যে কোনো মুহূর্তে সংকট দেখা দিতে পারে। এছাড়া, রোগীর চাপ বেশি হওয়ায় জনবল সংকটে পরেছে করোনা ইউনিট। শুক্রবার সকাল ৮ টা থেকে শনিবার সকাল ৮ টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৩ জনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন বলেন, দুই জন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ও একজন সাধারণ বেডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি আরও বলেন, বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ১৯৫ জন। ১৩ টি আইসিইউতে ভর্তি রয়েছেন ১৩ জন। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) জাকিউল ইসলাম বলেন, ‘ বর্তমানে অক্সিজেন সংকট নেই। তবে দিন দিন রোগীর চাপ বেড়ে যাওয়ার করোনা ইউনিটে জনবল সংকট দেখা দিয়েছে। ফলে চিকিৎসকরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। তবে, আমরা সাধ্য অনুযায়ী চিকিৎসা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ‘
জেলা সিভিল সার্জন ডা. মোঃ নজরুল ইসলাম বলেন, ‘ জেলা ও উপজেলায় আমাদের আপাতত অক্সিজেন সংকট নেই। তবে, রোগীর চাপ যে হারে বাড়ছে তাতে যেকোনো সময় অক্সিজেন সংকট দেখা দিতে পারে। আপাতত উপজেলা পর্যায়ে এখনো পর্যাপ্ত পরিমাণ সাধারণ বেড আছে।’ তিনি আরও বলেন, গত ২৪ ঘন্টায় জেলায় ৩৪৯টি নমুনা পরিক্ষা করে ৪২ জন করোনা শনাক্ত হয়েছেন। জেলায় শনাক্তের হার ১২.০৩ শতাংশ।

Loading