আবার একসঙ্গে ইমরান-পড়শী

প্রকাশিত: 10:43 AM , April 26, 2021
ইমরান-পড়শী

ইমরান ও পড়শী দুজনই চ্যানেল আইয়ের সংগীত প্রতিভা অন্বেষন প্রতিযোগিতা থেকে উঠে এসেছেন। ২০০৮ সালে ইমরান ‘সেরাকণ্ঠ’ আর ২০০৯ সালে পড়শী ‘ক্ষুদে গানরাজ’-এর মাধ্যমে সংগীতাঙ্গনে পা রাখেন।

২০১২ সালে তারা প্রথমবারের মতো জুটি বেঁধে কণ্ঠ দেন ‘জনম জনম’ শিরোনামের গানে। সে গানটির তুমুল জনপ্রিয়তার পর ‘জয় হবেই হবে’, ‘আবদার’, ‘বলে দাও’ প্রভৃতি গানে কণ্ঠ দেন তারা। সেগুলোও শ্রোতারা বেশ ভালোভাবে গ্রহণ করেন।

জনপ্রিয় এই জুটি এবার আসছেন নতুন একটি গান-ভিডিও নিয়ে। এটির শিরোনাম ‘এক দেখায়’। আসছে ঈদকে সামনে রেখেই মূলত তাদের এই আয়োজন। গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। পড়শীর সঙ্গে দ্বৈত কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান।

লকডাউনের আগে দুদিন ধরে সুনামগঞ্জ ও ময়মনসিংহের মনোরম লোকেশনে গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। ভিডিওতে নায়ক-নায়িকার ভূমিকাতেও দেখা যাবে গায়ক-গায়িকা জুটিকে।

ইমরান বলেন, ‘পড়শী এবং আমার কণ্ঠের সঙ্গে যায় এমন একটি গানই করেছি। ভালোবাসার এই গানটির কথা-সুরে নতুনত্ব আছে। ভিডিওসহ শ্রোতাদের ভালো লাগবে।’

পড়শী বলেন, ‘প্রায় দেড় বছর পর ইমরান ভাইয়ার সঙ্গে আমার নতুন গান আসছে। আমাদের আগের গানগুলো শ্রোতারা খুব পছন্দ করেছেন। এটি নিয়েও আমরা খুব আশাবাদী।’

জানা যায়, আগামী ৫ মে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে গানচিত্রটি উন্মুক্ত করা হবে।

Loading