শার্শা উপজেলার সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময় স্টাফ রিপোর্ট স্টাফ রিপোর্ট যশোর প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ৮, ২০২৬ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা–বেনাপোল) আসনের সার্বিক উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ ভাবনা তুলে ধরতে শার্শা ও বেনাপোলে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজীজুর রহমান।শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় শার্শা উপজেলার হক কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সীমান্তবর্তী শার্শা–বেনাপোল এলাকার বিদ্যমান সমস্যা, উন্নয়ন চাহিদা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, তথ্যপ্রাপ্তির প্রতিবন্ধকতা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে সাংবাদিকরা খোলামেলা আলোচনা করেন ও বিভিন্ন গঠনমূলক পরামর্শ দেন।মতবিনিময় সভায় মাওলানা আজীজুর রহমান বলেন, সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও আমাদের দেশে সাংবাদিকরা দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার। অর্থনৈতিক সংকট, অন্যায় আনুগত্যের চাপ এবং পেশাগত নিরাপত্তাহীনতার মধ্য দিয়েই তারা দায়িত্ব পালন করছেন।তিনি বলেন, “আমি একজন সাধারণ মানুষ। প্রায় পাঁচ লক্ষ শার্শাবাসীর উন্নয়ন একার পক্ষে সম্ভব নয়। রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি সাংবাদিকদের মেধা, পরামর্শ ও সহযোগিতা ছাড়া মানুষের কল্যাণ নিশ্চিত করা যাবে না।” তিনি আরও বলেন, দল-মত ও শ্রেণি নির্বিশেষে শার্শার সকল মানুষের মধ্যে সততা, সহমর্মিতা ও ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতে চান তিনি। ঘুষ ও দুর্নীতিমুক্ত প্রশাসন এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত প্রার্থী।শার্শাকে প্রতিহিংসা, হয়রানি ও মিথ্যা মামলা মুক্ত করে সকল ধর্ম ও শ্রেণির মানুষের জন্য নিরাপদ জনপদে পরিণত করার অঙ্গীকার করেন তিনি। পাশাপাশি খাল, বিল ও বাওড় দখলমুক্ত করে খনন ও সংস্কারের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদন বৃদ্ধির পরিকল্পনার কথাও জানান। স্বাস্থ্য খাতে উন্নয়নের বিষয়ে তিনি বলেন, শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিকায়ন করে ১০০ শয্যার হাসপাতালে উন্নীত করা হবে এবং বেনাপোলে ৫০ শয্যার একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। বেনাপোল বন্দরকে দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম সোপান হিসেবে গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়ন ও ডিজিটাল ব্যবস্থাপনা চালুর আশ্বাস দেন তিনি। এ ক্ষেত্রে সিএন্ডএফ মালিক, পরিবহন মালিক, আমদানি-রপ্তানিকারকসহ সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারের সঙ্গে সমন্বয়ের কথা বলেন। পাশাপাশি বন্দর শ্রমিক ও কর্মজীবীদের নিরাপত্তা, ন্যায্য মজুরি ও মানবিক মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি দেন।তিনি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ট্রেডভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, খেলাধুলার পরিবেশ উন্নয়ন এবং নারীদের জন্য নিরাপদ ও সম্মানজনক সামাজিক অবস্থান নিশ্চিত করার কথাও বলেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসান, সেক্রেটারি জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর, আসন পরিচালক রেজাউল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, বেনাপোল পোর্ট থানা জামায়াতের আমির রেজাউল ইসলাম, সেক্রেটারি মাওলানা ইউছুপ আলী, এনসিপির শার্শা উপজেলা আহ্বায়ক মুরাদুদৌলা, খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহিদুল্লাহ কাসেমীসহ স্থানীয় ও আঞ্চলিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শেয়ার বাংলাদেশবিষয়: