আজ সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুলের জন্মদিন

প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ , জুলাই ১৩, ২০২৪

আজ ১৩ জুলাই জনপ্রিয় সংগীতশিল্পী ও লেখক সাজিয়া সুলতানা পুতুলের জন্মদিন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পুতুল ভক্তরা।
সাজিয়া সুলতানা পুতুল নিজে গান গাওয়ার পাশাপাশি অনেক বছর ধরে গান লেখেন, সুর করেন এবং মিউজিক কম্পোজিশন করেন। তার স্বামী সৈয়দ রেজা আলীও গানের মানুষ। তিনিও একাধারে গায়ক, সুরকার এবং কম্পোজার।

২০০৫ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার আসরে সেরা দশের অন্যতম প্রতিযোগী ছিলেন পুতুল। গান লেখা, সুর করা ও সংগীত পরিচালক হিসেবেও দেখা গেছে তাঁকে। গানের অনুষ্ঠানের উপস্থাপক হয়েও দর্শকের সামনে এসেছেন পুতুল। লেখালেখিও করেন। গেল একুশে বইমেলায় এসেছিল পুতুলের লেখা উপন্যাস ‘জ্যোৎস্না রাতে বনে যেভাবে আমাদের যাওয়া হয়ে ওঠে না’। উপন্যাসটি ছিল নারীর মনস্তত্ত্ব বিষয়ে। পুতুলের প্রথম উপন্যাস ছিল ‘একটি মনস্তাত্ত্বিক আত্মহনন এবং তার পুতুল কাব্যিক প্রতিবেদন। এর আগে তাঁর দুটি কবিতার বই প্রকাশিত হয়। একটি ‘পুতুল কাব্য উপক্রমণিকা’ এবং অন্যটি ‘পুতুল কাব্য দ্বিতীয় অধ্যায় ।

গত ২১ জুন সাজিয়া সুলতানা পুতুল ও সৈয়দ রেজা আলী দম্পতির একমাত্র কন্যা গীতলীনার ছিল দ্বিতীয় জন্মদিন। গীতলীনাকে জন্মদিনের উপহার হিসেবে একটি নতুন গান উপহার দিয়েছিলেন মা পুতুল। সেই গানের লিংক শেয়ার করে পুতুল তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছিলেন, ‘‘গীতলীনার দ্বিতীয় জন্মদিনে কী উপহার দিলাম? একটা গান; শিরোনাম ‘গীতলীনা’।

পুতুল আরও লিখেছিলেন, ‘অন্তঃসত্ত্বাকালীন সময় থেকে আজ ২ বছরের গীতলীনা পর্যন্ত এ এক যাত্রা; একটা গল্প। গীতলীনা যখন গর্ভে আমার, তখন থেকেই এই গানটার পরিকল্পনা করেছি। তাই তার ভূমিষ্ঠ হবার পর প্রথম কান্নাটা রেকর্ড করতে বলে রেখেছিলাম রেজাকে। সেই কান্নার শব্দ থেকে শুরু করে দুই বছরে গীতলীনার বিবর্তনের গল্প নিয়ে এই গান। সেই সঙ্গে অন্ত:সত্ত্বা থেকে মা হয়ে উঠবার আমার মনস্তাত্ত্বিক টানাপোড়েনটা উঠিয়ে এনেছি সৃষ্টির মোড়কে।

সবশেষে পুতুল লিখেছেন, গানের দৈর্ঘ্য ১৭ মিনিট ৩০ সেকেন্ড। পুতুলগান যারা শোনেন বা শুনেছেন আগে, তারা এই দৈর্ঘ্য শুনে চমকাবার কথা নয়। এটাই পুতুলগান, যেখানে একটা গল্প বলি। যে গল্পটা হঠাৎ শুরু হয়ে হঠাৎ শেষ হয়ে যায় না। ধীরে স্থীরে জিরিয়ে জিরিয়ে গল্পের বিস্তার ঘটে। গানের কথা, সুর, কম্পোজিশন আমার। প্রডিউসার যথারীতি সৈয়দ রেজা আলী। তার প্রতি কৃতজ্ঞতা গানটাকে চমৎকারভাবে হয়ে উঠতে পাশে থাকার জন্য। দুজন সৃষ্টিশীল বাবা মা তাদের সৃষ্টি ছাড়া সন্তানকে আর কী-ই বা দিতে পারে? সৃষ্টি উপহার দেয়াই শ্রেয় মনে করি, যেখানে গীতলীনা বড় হয়ে একদিন উদযাপন করবে এটা

পুতুল এখন গানের পাশাপাশি অনলাইনভিত্তিক একটি আড্ডা অনুষ্ঠান উপস্থাপনা নিয়ে ব্যস্ত, যার নাম ‘পুতুলঘরে আত্মকথন’। এ অনুষ্ঠানে তিনি মূলত শোবিজ তারকাদের একান্ত ব্যক্তিগত অনুভূতি, টানাপোড়েন, আনন্দ ও মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেন।

Loading