আজ সফরে আসছেন কাতারের আমির নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 9:47 AM , April 22, 2024 আজ সোমবার দুই দিনের বাংলাদেশ সফরে আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। জানুয়ারিতে সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে এটি প্রথম উচ্চ পর্যায়ের সফর।কাতারের আমিরের সফরে দুই দেশের মধ্যে ১১টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে, এর মধ্যে ছয়টি চুক্তি ও পাঁচটি এমওইউ রয়েছে। তার সফরে বাণিজ্য ও বিনিয়োগে অগ্রাধিকার পাওয়ার পাশাপাশি ইরান-ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের আবহে বেশ গুরুত্বের সঙ্গে আলোচনা হবে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে।বিকালে বা সন্ধ্যা নাগাদ একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসবেন কাতারের আমির। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আমিরকে বিমানবন্দরে রাষ্ট্রীয় অতিথি হিসেবে স্বাগত জানাবেন এবং বিমানবন্দরে আমিরকে গার্ড অব অনার প্রদান করা হবে।সফরের দ্বিতীয় দিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন কাতারের আমির। দুই শীর্ষ নেতার বৈঠকের পর দুই দেশের মধ্যে ১১টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে।কাতারের আমিরের সফর উপলক্ষ্যে রোববার (২১ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, ১১টির মধ্যে ৬টি চুক্তি ও ৫টি সমঝোতা স্মারক। চুক্তিগুলো হচ্ছে– দ্বৈতকর পরিহার, আইনগত বিষয়ে সহযোগিতা, সাগরপথে পণ্য পরিবহন, বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তর ও যৌথ ব্যবসা পরিষদ গঠন-সংক্রান্ত চুক্তি। সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে– শ্রমশক্তি বিষয়ে সমঝোতা স্মারক, বন্দর পরিচালনা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ও ক্রীড়া সহযোগিতা এবং কূটনৈতিক প্রশিক্ষণ সহযোগিতা।কাতারের আমির মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ ও রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে অংশ নেবেন। এদিন সন্ধ্যায় বিশেষ বিমানযোগে ঢাকা ত্যাগ করবেন আমির শেয়ার জাতীয়বিষয়:আজ সফরে আসছেন কাতারের আমির