বিশ্বরেকর্ড গড়তে কিশোরগঞ্জে ১৪ কিলোমিটার বৈশাখী আলপনা

প্রকাশিত: 7:17 AM , April 13, 2024

নতুন বিশ্বরেকর্ড গড়ার আশায় এবার কিশোরগঞ্জের হাওরে ১৪ কিলোমিটার দৃষ্টি নন্দন অলওয়েদার সড়কপথ বৈশাখী আলপনায় সাজানো হচ্ছে। ইতিমধ্যেই ৬৫০ জন শিল্পী এ আলপনা আঁকার কাজ শুরু করেছেন।

শুক্রবার বিকালে হাওড় উপজেলা মিঠামইনে ‘এ অলওয়েদার’ সড়কপথের জিরো পয়েন্টে এমন বৈশাখী চিত্রকর্ম আলপনা আঁকা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন সাবেক সংস্কৃতিমন্ত্রী ও দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি। মিঠামইন জিরোপয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরোপয়েন্ট পর্যন্ত ১৪ কিলোমিটার সড়কে এ আলপনা আঁকার কাজ চলবে।

এশিয়াটিক এক্সপেরিয়েনশিয়াল মার্কেটিং লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন এ আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘আলপনায় বৈশাখ ১৪৩১’।

দৃষ্টি নন্দন আলপনায় বৈশাখ উদযাপনের এমন শৈল্পিকতা ও মুগ্ধতা ছড়িয়ে দিতে ঢাকাসহ দেশের মোট তিনটি এলাকায় এমন আলপনা আঁকার উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার মিঠামইন হাওড়ের সড়কপথ থেকে শুরু করা আলপনা আঁকার কাজ আগামী রোববার শেষ হবে। সূত্রমতে, শনিবার একই সঙ্গে রাজধানী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ এবং খুলনার শিববাড়ী মোড়ে এমন আলপনা আঁকা শুরু হবে।

আলপনা আঁকার কাজ উদ্বোধনকালে আসাদুজ্জামান নূর বলেন, এ সড়কে আলপনা আঁকার পর বিশ্বরেকর্ড হিসেবে নথিভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমদ তৌফিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী মনিরুজ্জামান, বার্জার পেইন্ট লিমিটেডের পরিচালক মহসিন হাবিব চৌধুরী, বাংলালিংক লিমিটেডের চিফ হিউম্যান রিসোর্স কর্মকর্তা মঞ্জুলা মোর্শেদ, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান, গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও ডিআইজি মো. হারুন অর রশিদ, জেলা প্রশাসক আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, মিঠামইনের ইউএনও মো. এরশাদ মিয়া প্রমুখ।

Loading