কর্ণফুলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: 11:59 PM , October 22, 2021

চট্টগ্রামের কর্ণফুলীতে দাম্পত্য কলহের জেরে প্রিয়া আক্তার মুন্নী (২৬) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। তবে মৃত্যুর কারণ খুঁজে বের করবে বলে জানিয়েছেন থানার ওসি দুলাল মাহমুদ।

শুক্রবার (২২ অক্টোবর) বিকেলে সাড়ে ৪টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. তাহের।

জানা গেছে, নিহতের স্বামী মাসুদুর রহমান সোহেল (৩৬) একজন নির্মাণ শ্রমিক। তাদের গ্রামের বাড়ী ভোলায়।

মাসুদুর রহমান সোহেল বলেন, আমার স্ত্রী সকালে আমার সঙ্গে ঝগড়া করে আমাকে বাসা থেকে বের হয়ে যেতে বললে আমি ওই সময় কাজে চলে যায়। পরে বিকেলে পুলিশ আমাকে ফোন করে বাসায় আসতে বললে আমি এসে আমার স্ত্রীকে মৃত দেখতে পায়।

এদিকে স্থানীয় কয়েকজন ভাড়াটিয়া নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া-ফাসাদ লেগে থাকতো। মুন্নী মেয়েটা ভালো ছিল, ওর মুত্যুটা রহস্যজনক বলে মনে হচ্ছে আমাদের।

এদিকে, থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে কি কারণে মেয়েটা গলায় ফাঁস লাগিয়েছে কিংবা অন্য কোনো কারণ আছে কিনা- বিষয়টা আমরা খতিয়ে দেখছি।

Loading