বন্দরে দুর্ঘটনায় নিহত-আহত শ্রমিকের আর্থিক সহায়তা দিলেন ইউএনও

প্রকাশিত: 3:25 PM , October 6, 2026

বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড- আনলোডের কাজ করার সময় মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহত দুই শ্রমিকের পরিবারের পাশে দাঁড়িয়েছে শার্শা উপজেলা প্রশাসন। ​মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সকাল ১১টার দিকে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে ওয়াহিদ নিহত রবিউল ইসলামের পরিবারের হাতে ২০ হাজার টাকা এবং গুরুতর আহত আখতারুজ্জামানের পরিবারের হাতে ১০ হাজার টাকার আর্থিক অনুদান তুলে দেন।

​সহায়তা হস্তান্তরের সময় নিহত শ্রমিকের স্বজনদের সমবেদনা জানিয়ে আবেগঘন কণ্ঠে ইউএনও ফজলে ওয়াহিদ বলেন, “যেকোনো দুর্ঘটনায় প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক। শ্রমিকের ঘাম ও পরিশ্রমে দেশের অর্থনীতির চাকা সচল থাকে, অথচ কর্মক্ষেত্রে তাদের এমন মর্মান্তিক পরিণতি আমাদের গভীরভাবে ব্যথিত করে। সরকারি এই অনুদান হয়তো একটি জীবন বা স্বজনের অভাব পূরণ করতে পারবে না, তবে কঠিন এই সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর একটি ক্ষুদ্র চেষ্টা মাত্র। উপজেলা প্রশাসন সর্বদাই সাধারণ মানুষের যেকোনো বিপদে তাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।”

​অনুদান প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সভাপতি মো. তবিবুর রহমান তবি এবং সাধারণ সম্পাদক মো. সহিদ আলী।

​অনুষ্ঠান শেষে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ নিহত রবিউল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহত আখতারুজ্জামানের দ্রুত সুস্থতা দাবি করেন। একই সাথে, বেনাপোল স্থলবন্দরে ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে ও সাধারণ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

Loading