পটিয়ায় মোহছেনা স্কুলের শিক্ষার্থীদের সাফল্য, সংবর্ধিত কৃতি শিক্ষার্থীরা

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: 12:17 AM , October 8, 2026

চট্টগ্রামের পটিয়া মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীসহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্য পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনকারী এবং জাতীয় পর্যায়ের নৃত্য প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকারী কৃতি শিক্ষার্থীদেরও ক্রেস্ট ও সনদ দিয়ে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, তাদের নৈতিকতা, শৃঙ্খলা, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমেও দক্ষ করে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে বিদ্যালয়ের পাশাপাশি অভিভাবকদের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মায়েদের সন্তানদের পড়াশোনা ও দৈনন্দিন কার্যক্রমের প্রতি নিয়মিত নজর রাখার আহ্বান জানান বক্তারা।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস এম হারুন উর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আশীষ কুমার ধর। তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি তাদের সুস্থ ও সুন্দর মানসিক বিকাশ নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। একটি শিশুর শিক্ষাজীবনের ভিত্তি মজবুত করতে বিদ্যালয়ের পরিবেশের পাশাপাশি পারিবারিক পরিবেশও গুরুত্বপূর্ণ।

প্রধান বক্তা রাহাত আলী স্কুলের প্রধান শিক্ষক এটিএম তোহা বলেন, সন্তানদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবক উভয়ের অবদান রয়েছে। সন্তানকে শুধু পরীক্ষার ফলাফলের জন্য নয়, একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে মায়েদের আরও বেশি সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস এম হারুন উর রশীদ বলেন, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হলে তারা পড়াশোনার পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডেও সাফল্য অর্জন করতে পারে। মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে অর্জন তারই উদাহরণ।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফারজানা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইন্সট্রাকটর আবুল মনসুর, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চাঁদ সুলতানা, সহকারী শিক্ষক মাহমুদুল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি এস এম মঈনুদ্দীন, সদস্য মো. সিরাজুল ইসলাম সুমন, পাপিয়া সুলতানা, আফসানা সুলতানা সামিরা, সুস্মিতা দে ও শিক্ষক প্রতিনিধি আব্দুল মোতালেব।

অনুষ্ঠানে শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে বিরত রাখা এবং নৈতিক শিক্ষায় গুরুত্ব দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

শেষে বৃত্তিপ্রাপ্ত, শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনকারী এবং জাতীয় পর্যায়ের নৃত্য প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা। কৃতি শিক্ষার্থীদের সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।

Loading