১০ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত

প্রকাশিত: 1:52 PM , July 12, 2021

চালের দাম বৃদ্ধি পাওয়ায় বাজার নিয়ন্ত্রণে বেসরকারিভাবে ১০ লাখ টন সেদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

খাদ্যশস্যের সামগ্রিক ব্যবস্থাপনা বিষয়ে অনলাইন মতবিনিময় সভায় কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে। গত ১ জুলাই অনুষ্ঠিত সভাটির সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সেখানে সিদ্ধান্ত হয় যে, আপাতত ২৫ শতাংশ আমদানি শুল্কে ১০ লাখ টন চাল বেসরকারি পর্যায়ে আমদানির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বাজারদর স্থিতিশীল রাখার স্বার্থে খাদ্য মন্ত্রণালয় প্রয়োজনে এ পরিমাণ কমাতে-বাড়াতে পারবে।

সভায় কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেন, এক হাজার ৮০ টাকা প্রতি মণ ধানের দাম নির্ধারণ করা হয়েছে। এর ফলে কৃষক ন্যায্যমূল্য পেয়েছে। একজন কৃষকের মণপ্রতি উৎপাদন খরচ ৭০০ থেকে ৭৫০ টাকার বেশি হয়নি। অতএব আমদানি করলে কৃষক কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না। বোরো ধান কাটার পরও চালের দাম বেড়েছে, তাই আগের ধারাবাহিকতায় সরকারি আমদানির সঙ্গে বেসরকারিভাবে চাল আমদানি করতে হবে।

Loading