শুভজন পদক ২০২৩ পাচ্ছেন বরেণ্য সংগীতশিল্পী খুরশীদ আলম নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ , ডিসেম্বর ৩, ২০২৪ ‘মানবিক মানুষ চাই’ এই মহান ব্রত নিয়ে এগিয়ে চলা শুদ্ধধারার সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীদের সম্মিলন শুভজন। শুভজন দেশীয় শিল্প সংস্কৃতির চর্চা ও বিকাশে শক্তিশালী বাহক হিসেবে কর্মময় ১২ বছর অতিক্রম করে প্রতিষ্ঠার ১৩ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে দীর্ঘ দুইবছর বিরতির পর আবারও শুরু হয়েছে শুভজন পদক প্রদান অনুষ্ঠান। দেশের সার্বিক উন্নয়নে সাহিত্য, সংস্কৃতি, শিল্পকলা বা সমাজ বিনির্মাণের বিভিন্ন শাখায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশি বা বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিকগণকে প্রতি বছর ‘শুভজন’ উপাধিতে ভূষিত করার পাশাপাশি ‘শুভজন পদক’ প্রদান করা হয়। পদকপ্রাপ্ত ব্যক্তির জন্য পুরস্কার হিসেবে নগদ দশ হাজার টাকা মূল্যমানের প্রাইজবন্ড পদক সম্মানী হিসেবে দেয়া হয় এবং শুভজন’র নির্দিষ্ট নকশার একটি ব্রোঞ্জ এওয়ার্ড ট্রফি, শুভজন’র শংসাপত্র এ পুরস্কারের অন্তর্ভুক্ত থাকে। কোন ব্যক্তি একবার ‘শুভজন পদক’ পেলে তাকে পরবর্তীতে পদকের জন্য বিবেচনা করা হয় না। প্রাথমিকভাবে শুভজন মরণোত্তর পদক দেয়ার কোন সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন শুভজনের প্রতিষ্ঠাতা ও জাতীয় নির্বাহী পর্ষদের কার্য-নির্বাহী সভাপতি তরুণ রাসেল। বিগত ১০ বছর যাবত এ পদক দেওয়া হচ্ছে। এই ধারাবাহিকতায় ‘শুভজন পদক ২০২৩ পাচ্ছেন বরেণ্য সংগীতশিল্পী খুরশীদ আলম। দেশের শিল্প-সংস্কৃতি ও সংগীতাঙ্গনে তাঁর অসামান্য অবদানের প্রতি সম্মান জানিয়ে তাকে এ পদক দেওয়ার পাশাপাশি ‘শুভজন’ উপাধিতে ভূষিত করা হচ্ছে। উল্লেখ্য জনাব খুরশীদ আলম বাংলাদেশের সংগীত জগতের বরেণ্য ব্যক্তিত্ব। তিনি প্রায় পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন। তন্মধ্যে বেশির ভাগ গানই চলচ্চিত্রের। জনপ্রিয় হয়েছে অসংখ্য গান। ৫০ বছরের সংগীত জীবনে ৪২৫টির বেশি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। খুরশীদ আলমের জন্ম ১৯৪৬ সালের ১ আগস্ট জয়পুরহাটে। মাত্র তিন বছর বয়সে পরিবারের সাথে তিনি ঢাকায় চলে আসেন। সেই থেকে ঢাকাতেই আছেন। চাচা ডা. আবু হায়দার সাজেদুর রহমানের কাছে তার প্রথম গান শেখা। দাদা জসিম উদ্দিন আহমেদের প্রতিষ্ঠিত আজিমপুরের ওয়েস্ট এন্ড হাই স্কুলে এক বছর পড়েন। এরপর কাপ্তানবাজারের নবাবপুর হাই স্কুল থেকে ম্যাট্রিক এবং জগন্নাথ কলেজ থেকে ডিগ্রি পাস করেন। ১৯৬৭ সালে শাহবাগ বেতারে প্রথম গান করেন। তার জনপ্রিয় কিছু গান হলো-মাগো মা ওগো মা, চুরি করেছ আমার মনটা, চুমকি চলেছে একা পথে, ওই প্রেমের দরজা খুলো না, নাচ আমার ময়না, তোমার নামে শপথ নিলাম, শোনো ভাইয়েরা কথা শোনো, ওই আমি বাঘ শিকার যামু, ও সাগর কন্যারে, পাখির বাসার মতো চোখ দুটি তোমার, ও দুটি নয়নে স্বপনও চয়নে, ও চোখে চোখ পড়েছে যখনই, ধীরে ধীরে চল ঘোড়া, লেখাপড়া জানতাম যদি, এ আকাশকে সাক্ষী রেখে, যে সাগর দেখে তৃপ্ত দুচোখ মুগ্ধ তোমার মন, ঝলক দিয়া কাকন পরে, সূর্যটা আগুনের পিণ্ড, খোঁপার বাগান খালি করে ওই গোলাপটা আমায় দাও ইত্যাদি। খুরশীদ আলম একুশে পদক, টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্রাব) পুরস্কার, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এ আজীবন সন্মাননা, ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক পেয়েছেন। শেয়ার বিনোদনবিষয়: