যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রীর সহযোগিতা চাইলেন পার্বত্যমন্ত্রী

প্রকাশিত: 3:27 PM , September 20, 2026

পার্বত্য চট্টগ্রামের পরিবেশ ও প্রকৃতি রক্ষা করে দুর্গম এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স্থানীয় সরকার বিভাগের সহযোগিতা চেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু।

রোববার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই সহযোগিতা চান।

বান্দরবানের ঐতিহ্যবাহী বোমাং সার্কেলের রাজপুত্র ও পার্বত্য মন্ত্রী সাচিং প্রু স্থানীয় সরকার বিভাগে পৌঁছালে মন্ত্রী ড. আবদুল মঈন খান তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

বৈঠকে তারা পারস্পরিক সহযোগিতার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন।

সারাদশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকারের নিরলস প্রচেষ্টার কথা উল্লেখ করে সাচিং প্রু বলেন, পার্বত্য অঞ্চলে নিরাপদ ও সুপেয় পানি সরবরাহে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এ সময় তিনি স্থানীয় সরকার বিভাগের এই ধরনের কার্যক্রমকে সাধুবাদ জানান।

পার্বত্য অঞ্চলের সম্ভাবনা ও বর্তমান চ্যালেঞ্জগুলো তুলে ধরে মন্ত্রী সাচিং প্রু বলেন, পার্বত্য এলাকার দুর্গম অঞ্চলগুলোতে এখনও অনেক রাস্তা কাঁচা ও মাটির তৈরি। ফলে বৃষ্টির দিনে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়।

তিনি বলেন, পাহাড়ি অঞ্চলের মানুষ অত্যন্ত পরিশ্রমী। আশা করি, তাদের চলাচলের সুবিধার জন্য স্থানীয় সরকারের পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রামের মানুষ সর্বদা প্রয়োজনীয় সহযোগিতা পাবে।

পার্বত্য মন্ত্রীর এই উদ্যোগ ও প্রস্তাবকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে ড. মঈন খান বলেন, পাহাড়ি ও সমতল-উভয় অঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়ন এবং দেশের সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে

Loading